✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

দলের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই : পর্তুগাল কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ১৩:১৬:৪৮ |

বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গো ডিআরের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছে পর্তুগাল। তবে উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলকে ঘিরে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ।

মঙ্গলবার হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, ‘আমরা এখন আরও ঐক্যবদ্ধ, আরও শক্তিশালী। বিশ্বকাপ খেলছি, তাই আলোচনা-সমালোচনা ও চাপ থাকবেই। এটা খেলারই অংশ। আমাদের পুরো মনোযোগ দলের ওপর।’

প্রথম ম্যাচে কঙ্গো ডিআরের সঙ্গে ১-১ গোলে ড্র করায় চাপে পড়ে যায় পর্তুগাল। বিশেষ করে ৪১ বছর বয়সী অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে।

এর মধ্যে মিডফিল্ডার জোয়াও নেভেসের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তিনি বলেছিলেন, ‘রোনালদোও দলের অন্য সবার মতো একজন খেলোয়াড়, যিনি দলকে সাহায্য করেন।’

প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে মন্তব্যটি ছড়িয়ে দেওয়া হলে অনেকে সেটিকে রোনালদোর প্রতি অসম্মান হিসেবে দেখেন।

তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ মার্তিনেজ, ‘দলের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই। আমরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ।’

রোনালদোর পক্ষেও জোরালো অবস্থান নিয়েছেন মার্তিনেজ। তার মতে, অভিজ্ঞ এই ফরোয়ার্ড এখনও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

‘তিনি একজন উদাহরণস্বরূপ অধিনায়ক। অধিনায়ক হিসেবে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা তার অভিজ্ঞতারই প্রমাণ। তিনি দলকে সাহায্য করতে চান এবং তরুণদের জন্য অনুকরণীয় একজন খেলোয়াড়,’ বলেন মার্তিনেজ।

বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ গোল করা রোনালদো ২০২৫ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে আর গোল পাননি। তবুও তার অবদান শুধুমাত্র গোলের মধ্যে সীমাবদ্ধ নয় বলে মনে করেন কোচ।

মার্তিনেজ বলেন, ‘তার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করে দেয়। পরিসংখ্যানও তার পক্ষে কথা বলে। কীভাবে অনুশীলন করতে হয়, কীভাবে দ্রুত পুনরুদ্ধার করতে হয়—সে বিষয়ে তিনিই সবচেয়ে বড় উদাহরণ।’

অন্যদিকে, ফুলব্যাক জোয়াও ক্যানসেলো স্বীকার করেছেন যে প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি পর্তুগাল।

‘আমরা পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারিনি, যা আমাদের মতো দলের জন্য স্বাভাবিক নয়। আমাদের দলে বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড় আছে, সেটি মাঠে প্রমাণ করতে হবে,’ বলেন ক্যানসেলো।

তিনি আরও যোগ করেন, ‘উজবেকিস্তানের বিপক্ষে শুধু জয়ই গুরুত্বপূর্ণ। ভুল করার কোনো সুযোগ নেই।’ 

গ্রুপ ‘কে’-তে নকআউটের আশা জিইয়ে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না পর্তুগাল। আর সেই লড়াইয়ে আবারও দলের প্রধান ভরসা হয়ে থাকবেন অভিজ্ঞ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..