✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ০১:১৪:০৩ |বিশ্বকাপের মঞ্চে গোল করার নতুন মাইলফলক স্পর্শ করার হাতছানি ছিল লিওনেল মেসির সামনে। তবে সেই মাহেন্দ্রক্ষণে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে উল্টো এক বিব্রতকর রেকর্ডের মালিক হলেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার রেকর্ডে এককভাবে সবার উপরে উঠে এলেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।
তবে সেই আক্ষেপ বেশিক্ষণ জমাতে দেননি মেসি। ৩৯তম মিনিটে গোল করে ভেঙেছেন মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। বিশ্বকাপে তার এখন সর্বোচ্চ ১৭ গোল।
এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আর্জেন্টিনা। মাত্র ৯ মিনিটের মাথায় লাউতারো মার্তিনেজকে ডি-বক্সের ভেতর ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবর্ণ সুযোগ ছিল মেসির সামনে। কিন্তু ১২ গজ দূর থেকে নেওয়া তার শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলপোস্টের ডান দিক দিয়ে সীমানার বাইরে চলে যায়। অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্দার শ্ল্যাগারকে পরাস্ত করার প্রয়োজনই পড়েনি, মেসি নিজেই বল পাঠান মাঠের বাইরে।
এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। ওই দুই ঘটনায় প্রতিপক্ষের গোলরক্ষক শট ঠেকিয়ে দিলেও, এবার সরাসরি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলেন তিনি। এই নিয়ে বিশ্বকাপে মোট তিনবার পেনাল্টি মিস করলেন মেসি, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সাথে যৌথভাবে রেকর্ডটি ধরে রেখেছিলেন তিনি, তবে এবার এককভাবে রেকর্ডটি নিজের দখলে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এদিকে ট্রান্সফারমার্কেটের পরিসংখ্যান বলছে, দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে টাইব্রেকার বাদে মেসি এখন পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন। এর মধ্যে ৩৩টি ক্ষেত্রেই গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি।