মেসির জন্য ‘যুদ্ধে যেতেও’ প্রস্তুত আর্জেন্টিনা দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ২২:৩১:৪৬ |

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা দলে গড়ে উঠেছে এক অনন্য পরিবেশ। ২০০৬ বিশ্বকাপে মেসির সতীর্থ হিসেবে খেলা বর্তমান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অধিনায়ককে ঘিরে এমন এক চকমপ্রদ বলয় তৈরি করেছেন, যেখানে প্রত্যেকে মেসির জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। দলটির এই অভূতপূর্ব বোঝাপড়া নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন কোচ এবং ফুটবলাররা।

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানান, মেসি এখন একদল বন্ধুর সঙ্গে খেলছেন, যারা মাঠে তার জন্য নিজেদের হৃদয় দিয়ে লড়তে প্রস্তুত। তিনি বলেন, সতীর্থদের যখনই মেসির সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, তারা অনায়াসে তার কাছে চলে যেতে পারে। তবে মেসি দলের ভেতর কী ধরনের প্রভাব বা বার্তা ছড়িয়ে দেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। স্কালোনি আরও যোগ করেন, মেসি মাঠে এবং মাঠের বাইরে ঠিক কী ভূমিকা রাখছেন তা বিস্তারিত ব্যাখ্যা করতে তিনি ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারবেন, তবে এর আসল গভীরতা অনুধাবন করতে হলে দলের ভেতরের সেই আবহ ও পরিবেশকে কাছ থেকে দেখতে হবে।

পর্তুগাল দলে যেমন বয়সের ভারে নুয়ে পড়া ক্রিশ্চিয়ানো রোনালদোকে সামলাতে কোচ রবার্তো মার্টিনেজকে বেশ বেগ পেতে হচ্ছে, আর্জেন্টিনার চিত্রটি তার সম্পূর্ণ বিপরীত। আলবিসেলেস্তে ফুটবলাররা সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষের রক্ষণভাগকে চূর্ণ-বিচূর্ণ করতে মেসিকে সাহায্য করার জন্য তারা যেকোনো ত্যাগ স্বীকারে রাজি।

মেসির তরুণ সতীর্থ ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এক সাক্ষাৎকারে বলেন, ছোটবেলা থেকেই মেসি তার আদর্শ। তাই স্বাভাবিকভাবেই মাঠের পারফরম্যান্স দিয়ে প্রিয় নায়কের সেই ঋণের কিছুটা হলেও শোধ করতে চান তিনি। অন্যদিকে ইন্টার মিয়ামিতে মেসির বর্তমান সতীর্থ রদ্রিগো ডি পল বিষয়টি আরও খোলাসা করে বলেন, মেসি যদি কখনো মাঠে তাদের যুদ্ধে যেতে বলেন, তবে তারা তার জন্য সেই যুদ্ধে নামতেও এক মুহূর্ত দ্বিধা করবেন না।

এদিকে গ্রুপ ‘জে’-এর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। রেকর্ড বইয়ের পাতা নতুন করে লেখার জন্য এই ম্যাচে লিওনেল মেসির প্রয়োজন মাত্র একটি গোল। ডালাস স্টেডিয়ামে ম্যাচটি আজ রাত ১১টায় শুরু হবে। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। যেখানে তিনটি গোলই আসে মেসির পা থেকে। 

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..