তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (২২ জুন) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় অদ্য আজ রাত হতে ২৫ তারিখ পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ আরও জানায়, আজ রাত থেকে শুরু করে আগামী ২৫ জুন পর্যন্ত এ গ্যাসের স্বল্পচাপের সমস্যা বজায় থাকবে। তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার আওতাধীন সকল ধরনের গ্রাহক, যার মধ্যে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানাও রয়েছে এই সংকটের মুখোমুখি হবেন। ফলে রান্নাবান্না থেকে শুরু করে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের এ সাময়িক ও আকস্মিক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সাথে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।