নরওয়ের কাছে ৪ গোল খাওয়া ইরাককে নিয়েই কেন এতো ভয় পাচ্ছে ফ্রান্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ১৩:০৭:০৯ |

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ‘গ্রুপ আই’-এর ম্যাচে ইরাকের মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথম ম্যাচে নিউ ইয়র্কে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দিদিয়ের দেশমের দল, যেখানে জোড়া গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। আজ বোস্টনের মাঠে ইরাকের বিপক্ষে আরেকটি জয় পেলেই শেষ ৩২ বা নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে ফরাসিদের। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশে বড় কোনো ওলটপালট বা পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নন ফরাসি কোচ। নকআউটের পথে এগিয়ে যাওয়ার সময় দলের জয়ের এই ছন্দ এবং ভারসাম্য ধরে রাখতেই কেবল কিছু ছোটখাটো পরিবর্তন আনতে পারেন তিনি।

বড় বড় টুর্নামেন্টগুলোতে স্কোয়াডের স্থিতিশীলতা বজায় রাখার জন্য সুনাম রয়েছে দেশমের। সেনেগালের বিপক্ষে প্রথমার্ধে রক্ষণভাগে কিছুটা দুর্বলতা দেখা গেলেও, বিরতির পর অনন্য উচ্চতায় পৌঁছায় লেস ব্লুজরা। তাই বিশ্বকাপের অন্যতম ফেভারিট এই দলের ভারসাম্য নষ্ট করতে চান না কোচ।

বাম প্রান্তে পরিবর্তনের হাওয়া ও মাঝমাঠের সমীকরণ
ইরাক ম্যাচের একাদশে সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যেতে পারে মাঠের বাম প্রান্তে। আক্রমণভাগে ডেসিরে ডুয়ের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। অন্যদিকে, লেফট ব্যাক পজিশনে থিও হার্নান্দেজের জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ লুকাস দিনিয়েকে।

মাঝমাঠেও একটি পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। গত কয়েকদিনে ২৫ বছর বয়সী মিডফিল্ডার মানু কোনের সাথে দীর্ঘ আলোচনা করেছেন দেশম। চলতি সপ্তাহের অনুশীলনেও কোনেকে আদ্রিয়েন রাবিয়তের সাথে জুটি বেঁধে খেলতে দেখা গেছে, যা ইঙ্গিত করে যে আজ তাঁর কাঁধে শুরুর একাদশের দায়িত্ব আসতে পারে। তবে মাঝমাঠ ও বাম প্রান্তে কিছুটা বদল এলেও দলের মূল মেরুদণ্ডে কোনো পরিবর্তন আসছে না। আক্রমণভাগে কিলিয়ান এমবাপের সাথে থাকছেন মাইকেল অলিস এবং উসমান দেম্বেলে।

ইরাককে নিয়ে সতর্ক সালিবা
প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া ইরাকের জন্য টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে ইতিবাচক ফলাফল পাওয়া ছাড়া উপায় নেই। গত দুটি বিশ্বকাপের ফাইনাল খেলা শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে কাজটা তাদের জন্য পাহাড়সম কঠিন। তবে প্রতিপক্ষ কাগজে-কলমে পিছিয়ে থাকলেও বিন্দুমাত্র আত্মতুষ্টিতে ভুগছে না ফরাসি শিবির।

পিঠের ব্যথা সামলে ওঠা ফ্রান্সের তারকা সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা শনিবার এক সংবাদ সম্মেলনে ইরাককে নিয়ে সবাইকে সতর্ক করে বলেন, “আমরা নরওয়ের বিপক্ষে তাদের খেলার কিছু ভিডিও দেখেছি এবং আমার মনে হয়েছে তারা যথেষ্ট ভালো দল। ম্যাচটি মোটেও সহজ হবে না। সাধারণ মানুষ হয়তো ভাবছে ইরাকের বিপক্ষে খেলা মানেই আমরা অনায়াসে ৩ পয়েন্ট পেয়ে যাব, কিন্তু মাঠের লড়াইটা মোটেও তেমন হবে না।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..