কোন গ্রেডে কত পদ খালি? সংসদকে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ১৩:০৩:২৪ |
দেশের সরকারি চাকরিতে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন এবং শূন্য পদ পূরণে সরকারের চলমান পরিকল্পনার কথাও জানান।

গতকাল রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে সরকারদলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন গ্রেডে বিপুলসংখ্যক পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে।

প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির (১ম থেকে ৯ম গ্রেড) ৬৮ হাজার ৮৮৪টি পদ শূন্য রয়েছে। দ্বিতীয় শ্রেণির (১০ম থেকে ১২তম গ্রেড) শূন্য পদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণির (১৩তম থেকে ১৬তম গ্রেড) ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং চতুর্থ শ্রেণির (১৭তম থেকে ২০তম গ্রেড) ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ বর্তমানে খালি রয়েছে।

এ ছাড়া অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এসব পদ দ্রুত পূরণের লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় আগামী ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে আরও ৩ হাজার ১১০টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সব মন্ত্রণালয় ও বিভাগে শূন্য পদ এবং নিয়োগের সর্বশেষ অবস্থা জানিয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..