✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ২০:৩৮:৩৭ |বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বর দল স্পেন এবং ৫৯ নম্বর অবস্থানে থাকা সৌদি আরব। জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি।
দুই দলই এখন পর্যন্ত এই আসরে জয়হীন। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেন, অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে সৌদি আরব।
স্পেন ও সৌদি আরব এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে, যার সবকটিতেই জয় পেয়েছে স্পেন। এই তিন ম্যাচে স্পেন করেছে ৯ গোল এবং হজম করেছে মাত্র ২ গোল। এর মধ্যে বিশ্বকাপ মঞ্চে ২০০৬ সালের গ্রুপ পর্বে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল স্প্যানিশরা।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে সৌদি আরব এখন পর্যন্ত ১১ বার ইউরোপীয় দলের মুখোমুখি হয়ে ১০ ম্যাচেই হেরেছে।
অন্যদিকে স্পেনের সাম্প্রতিক ফর্মও খুব একটা আশাব্যঞ্জক নয়। বিশ্বকাপে তারা শেষ চার ম্যাচে জয়হীন (৩ ড্র, ১ হার), যা প্রতিযোগিতাটিতে তাদের অন্যতম দীর্ঘ জয়বিহীন ধারা।
গত তিন বিশ্বকাপে স্পেন মোট ৯ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে, একটি ম্যাচ হেরেছে এবং বাকি ছয়টি ড্র হয়েছে।
আরেকটি উদ্বেগজনক দিক হলো গোলখরা। বিশ্বকাপে স্পেনের শেষ দুই ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছে। তারা কখনও টানা তিন বিশ্বকাপ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়নি।
২০২২ বিশ্বকাপে জাপানের বিপক্ষে ১১তম মিনিটে শেষ গোলের পর থেকে স্পেন প্রায় ২ হাজার ৫০০টি পাস এবং ৪৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি।