✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ১৯:৫৮:০৪ |প্রথম সন্তান প্রসবের সময় উপস্থিত থাকতে বিশ্বকাপের মাঝ পথে দেশে ফিরে যেতে পারেন বেলজিয়ামের তারকা ফুটবলার জেরেমি ডোকু। ইরানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ডোকু তার এই ইচ্ছার কথা জানান।প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ড্র করার পর এই ম্যাচটি দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে জেরেমি ডোকুর সন্তান প্রসব হওয়ার কথা রয়েছে। বেলজিয়াম যদি নকআউট পর্বে পৌঁছায়, তবে ডোকু সম্ভবত অনুপস্থিত থাকতে পারেন।
তিনি বলেন, আমার প্রথম সন্তান, তাই আমি অবশ্যই সেখানে থাকতে চাইব। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কী চাই, আমার উত্তর হলো, কেউই তার প্রথম সন্তানের জন্মের মুহূর্তটি হারাতে চায় না। তবে ডোকুর এমন মন্তব্যের পর তাকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে।
লেকিপ চ্যানেলের উপস্থাপিকা ফ্রান্স পিয়েরোঁ ডোকুর মন্তব্যে ক্ষুব্ধ হন। ফুটবলারদের জন্য বিশ্বকাপ কতটা বড় একটি উপলক্ষ, তা উল্লেখ করার পর তিনি বলেন, সন্তান জন্মের সময় বাবা ‘সম্পূর্ণ অকেজো’। ফরাসি ক্রীড়া প্রকাশনা লেকিপ-এর ফেসবুক পেজে তিনি পোস্ট করেন, বিশ্বকাপ এক অবিশ্বাস্য আনন্দের বিষয়।
তিনি পোস্টে বলেন, শত শত ফুটবলার আছে যারা তোমার জায়গায় থাকতে পারলে জীবন দিয়ে দিত। তোমার জীবনে হয়তো এমন সুযোগ আর কখনো আসবে না। তুমি তোমার শৈশবের স্বপ্ন পূরণ করছ, অথচ সন্তানের জন্মের সময় উপস্থিত থাকার জন্য তুমি সবকিছু ছেড়ে চলে যাচ্ছ। যদি কিছু মনে না করো, এটি একটি জঘন্য মুহূর্ত, যেখানে বাবা সম্পূর্ণ অকেজো। তবে তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন।
এদিকে অসুস্থতার কারণে ডোকু ইরানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে খেলতে পারবেন না। দ্রুতগতির ডোকু গত সোমবার বেলজিয়ামের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটির ৮৬ মিনিট পর্যন্ত খেলেছেন। জানা গেছে, উদ্বোধনী ম্যাচের আগের সপ্তাহে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ডোকু অনুশীলন থেকে আগেভাগেই বেরিয়ে গিয়েছিলেন। রেড ডেভিলসরা শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে।