সমালোচনার জবাব দিতে প্রস্তুত রোনালদোর পর্তুগাল, জানালেন ডালোট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ১৯:৫৭:০৪ |

কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরুর পর তীব্র সমালোচনার মুখে পড়েছে পর্তুগাল দল এবং তাদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সোশ্যাল মিডিয়ার এমন নেতিবাচক সমালোচনার জন্য পর্তুগাল দল আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল বলে জানিয়েছেন দলের তারকা ডিফেন্ডার দিওগো ডালোট।

বিশ্বকাপের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে পয়েন্ট হারানোর পর পর্তুগাল দল এবং বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোকে লক্ষ্য করে সমালোচনার ঝড় ওঠে। সাবেক ফরাসি ও আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অরিঁ প্রকাশ্যেই রোনালদোর খেলার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন। 

তিনি বলেন, একজন খেলোয়াড়ের ব্যক্তিগত গোলের চেয়ে দলের গোল করাটাই বেশি গুরুত্বপূর্ণ।

চারিদিক থেকে আসা এমন তীব্র সমালোচনার মুখে সতীর্থ রোনালদোকে সমর্থন করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় দিয়োগো ডালোট। 

তিনি জানান, বিশ্বকাপে আসার আগেই ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে সমালোচনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। দলের সবাই জানতেন, টুর্নামেন্টে কোনো ম্যাচে প্রত্যাশিত ফল না এলে সমালোচনা হবেই।

ডালোট বলেন, আমরা আগেই অনুমান করতে পেরেছিলাম এমন পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে রোনালদোর মতো একজন বিশ্ব তারকা দলে থাকলে সমালোচনার মাত্রা স্বাভাবিকভাবেই বেশি হয়। তাই খেলোয়াড়দের মানসিকভাবে আরও শক্ত থাকতে হয়েছে।

পর্তুগিজ ডিফেন্ডারের মতে, বিশ্বকাপের আগে হওয়া সেই আলোচনাই দলকে দৃঢ় থাকতে সাহায্য করেছে। ফলে সমালোচনার মুখে পড়লেও তারা ভেঙে পড়েননি। বরং সবাই একসঙ্গে থেকে বুঝিয়ে দিয়েছেন যে দলের ঐক্যে কোনো ফাটল ধরেনি।

ডালোট বলেন, আমরা জানতাম যে, সমালোচনা আসবে, কঠিন সময় আসবে। কিছু সমালোচনা হয়তো গ্রহণযোগ্য, তবে অনেক মন্তব্য বাস্তবতার সঙ্গে মেলে না। অনেক সময় বিষয়গুলো অযথা বড় করে দেখা হয়।

এদিকে গ্রুপ ‘কে’-তে নিজেদের পরবর্তী ম্যাচে মঙ্গলবার উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে ম্যাচটি পর্তুগালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ডালোট।

রোনালদোকে নিয়ে তিনি বলেন, সমালোচনা মোকাবিলার ক্ষেত্রে রোনালদোর অভিজ্ঞতা অন্য সবার চেয়ে অনেক বেশি। দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলছেন তিনি। পুরো ক্যারিয়ারজুড়েই সমালোচনার সঙ্গে লড়াই করে এসেছেন।

ডালোটের বিশ্বাস, রোনালদো শুধু একজন খেলোয়াড় নন, তিনি দলের আত্মবিশ্বাসের অন্যতম উৎস। তার উপস্থিতি তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। একইভাবে দলের খেলোয়াড়রাও রোনালদোর প্রতি পূর্ণ আস্থা রাখেন।

পর্তুগালের এই ডিফেন্ডার মনে করেন, রোনালদো যতদিন জাতীয় দলের জার্সি গায়ে খেলবেন, ততদিন তিনি বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য ধরে রাখবেন। তাই সামনের ম্যাচে নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেবেন পর্তুগালের অধিনায়ক— এমনটাই বিশ্বাস ডালোটের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..