✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-২০, | ১৯:৫৪:৩৪ |বিশ্বকাপে সুযোগের পর সুযোগ তৈরি করেও গোল করতে না পারায় হতাশা আর লজ্জার কথা জানিয়েছেন তুরস্কের তারকা ফুটবলার আর্দা গুলের। দুই ম্যাচ মিলিয়ে ৬২টি শট নিয়েও একটি গোল না পাওয়ার ব্যর্থতায় দল বিদায় নেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তুরস্ক। এর আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা। ফলে দুই ম্যাচেই পরাজয়ে টুর্নামেন্ট শেষ হয় তাদের।
ম্যাচ শেষে গুলের বলেন, তাদের পারফরম্যান্সে সবাই হতাশ। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে তিনি জানান, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা থাকবে। তিনি বলেন, বড় ক্লাবের খেলোয়াড় হয়েও এমন পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়।
পরিসংখ্যান বলছে, প্রথম ম্যাচে তুরস্ক ৬৩ শতাংশ বলের দখল রেখে ২৮টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৭৮ শতাংশ বল দখলে রেখে ৩৪টি শট নেয় তারা, অন টার্গেটে ছিল মাত্র ৬টি।
দ্বিতীয় ম্যাচে শুরুতেই গোল হজম করেও ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল তুরস্কের। প্যারাগুয়ের এক খেলোয়াড় লাল কার্ড দেখায় পুরো দ্বিতীয়ার্ধ তারা ১০ জন নিয়ে খেললেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তুর্কিরা।
সব মিলিয়ে ম্যাচে আধিপত্য থাকলেও গোল করতে না পারার ব্যর্থতাই শেষ পর্যন্ত বিদায়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।