‘মার্টিনেজ বেলজিয়ামের স্বর্ণালি প্রজন্মকে নষ্ট করেছেন, পর্তুগালকেও ডোবাচ্ছেন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৯, | ২২:১২:২৬ |

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ফেবারিট পর্তুগাল। জোয়াও নেভেসের শুরুর গোলে পর্তুগাল এগিয়ে গেলেও ইয়োয়ান উইসার সমতাসূচক গোলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোদের। 

নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা রোনালদো এবং ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বার্নার্দো সিলভাদের এই নিষ্প্রভ পারফরম্যান্সের পর পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি গোলরক্ষক পিটার স্মাইকেল। মার্টিনেজকে টুর্নামেন্টের অন্যতম ‘হতাশাজনক কোচ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, অন্যতম সেরা স্কোয়াড থাকা সত্ত্বেও দলটিকে তাদের চেনা ছন্দে খেলাতে পারছেন না এই স্প্যানিশ কোচ।

এর আগে থিয়েরি অঁরির মতো ফরাসি কিংবদন্তি রোনালদোর অতি-স্বার্থপর খেলার সমালোচনা করেছিলেন। এবার খোদ কোচের রণকৌশল নিয়েই প্রশ্ন তুললেন ডেনমার্কের সাবেক তারকা স্মাইকেল। বেলজিয়ামের কোচ থাকাকালীন রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনা এবং ইডেন হ্যাজার্ডদের মতো বিশ্বসেরা ‘স্বর্ণালি প্রজন্ম’ পেয়েও বিশ্বকাপ জিততে না পারার ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়ে স্মাইকেল বলেন, মার্টিনেজ বেলজিয়ামের সেরা প্রজন্মকে নষ্ট করেছেন এবং এখন পর্তুগালের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। জোয়াও ফেলিক্স কিংবা রাফায়েল লিয়াওয়ের মতো প্রতিভাবান আক্রমণভাগের খেলোয়াড়দের সাইডবেঞ্চে বসিয়ে রেখে মার্টিনেজ বড্ড রক্ষণাত্মক ও অনুমাননির্ভর ফুটবল খেলাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

স্মাইকেলের মতে, পর্তুগালের মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের কোনো সংযোগ ছিল না এবং কোচের ট্যাকটিক্স ছিল বড্ড সেকেলে। এমনকি ম্যাচের মোড় ঘোরানোর জন্য তিনি বড্ড দেরিতে খেলোয়াড় বদল করেন। আগামী ২৩ জুন উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মার্টিনেজকে সতর্কবার্তা দিয়ে স্মাইকেল আরও বলেন, দ্রুত অবস্থার পরিবর্তন না হলে বিশ্বসেরা দলগুলোর একটি হওয়া সত্ত্বেও আরেকটি বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে পর্তুগাল।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..