প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷
এসময় বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ ও স্পেনের মধ্যকার অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ক্রমবর্ধমান ধারা উল্লেখ করে স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণে একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং সরকার বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
