✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ১৩:৫১:৫২ |চলতি ফুটবল বিশ্বকাপের মাঠের কৌশল আর প্রতিপক্ষ নিয়ে ভাবনার চেয়েও এখন জার্মান ফুটবলারদের বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে মাঠের ঘাস। উত্তর ক্যারোলিনার উইনস্টন-সালেমে নিজেদের বেস ক্যাম্পে আচমকা একটি বিষাক্ত সাপের দেখা মেলায় আতঙ্কে দিন কাটছে জার্মানির খেলোয়াড়দের। ঘাসের মধ্যে কী লুকিয়ে আছে, তা নিয়ে রীতিমতো উদ্বেগের কথা জানিয়েছেন দলের অধিনায়ক জশুয়া কিমিচ। শুধু জার্মানিই নয়, একই ধরনের আপত্তির কথা শোনা গেছে সুইজারল্যান্ড ও নরওয়ে শিবিরের পক্ষ থেকেও।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিমিচ এবং তার সতীর্থরা যে সাপের মুখোমুখি হয়েছিলেন, সেটি ছিল মূলত ‘কপারহেড’। উত্তর ক্যারোলিনায় এই প্রজাতির বিষাক্ত সাপ প্রায়শই দেখা যায়। সাপের এই উপদ্রব নিয়ে অধিনায়ক কিমিচ বলেন, জার্মানিতে সাধারণত কৌশল, ইনজুরি আর পরবর্তী প্রতিপক্ষ নিয়েই খেলোয়াড়দের সব ভাবনা থাকে। কিন্তু এখানে এসে মাঠের ঘাসে কী লুকিয়ে আছে, তা নিয়েও বাড়তি চিন্তা করতে হচ্ছে।
কিমিচ আরও জানান, সাপটি যে বিষাক্ত—এই তথ্য জানার পর থেকেই পুরো দলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আমরা যখন শুনলাম এটি কামড়ালে হাসপাতালে যেতে হবে, তখন থেকেই সবার মাঝে ভয় কাজ করছে। কামড়ে হয়তো কেউ মারা যাবে না, তবে এটি নিশ্চিতভাবেই বেশ বিপজ্জনক। ঘাসের ওপর অসাবধানতাবশত পা পড়ে গেলে যে বড় ধরনের বিপদ হতে পারে, তা সবাই বুঝতে পারছে। এই কারণে দলের সবাই এখন সব ধরনের প্রাণী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। রসিকতা করে তিনি যোগ করেন, জার্মানির মাটিতে এমন বিপজ্জনক প্রাণী সাধারণত দেখা যায় না, তাই এখানকার মানুষদের প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে গেছে।
শুধু জার্মানিই নয়, টুর্নামেন্ট শুরুর আগেই সান ডিয়েগোতে নিজেদের ক্যাম্পের একটি নির্দিষ্ট অংশকে ‘সাপের এলাকা’ হিসেবে চিহ্নিত করে রেখেছিল সুইজারল্যান্ড দল। এদিকে উত্তর ক্যারোলিনায় কপারহেড সাপের অবাধ বিচরণের খবর শুনে মোটেও স্বস্তিতে নেই নরওয়ের অধিনায়ক ক্রিস্টিয়ান থরস্টভেট। তিনি স্পষ্ট জানিয়েছেন, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়ার বদলে খেলোয়াড়দের এখন প্রতিটি পদক্ষেপ ফেলার আগে মাটির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, যা মোটেও সুখকর কোনো অনুভূতি নয়।
অবশ্য মাঠের বাইরের এই সাপের আতঙ্ক মাঠের পারফরম্যান্সে খুব একটা প্রভাব ফেলতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ওপর। টুর্নামেন্টের নবাগত দল কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে তারা। আগামী ২১ জুন নিজেদের পরবর্তী ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে জার্মানি। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্যাম্পের বিষাক্ত সাপের উপদ্রব কীভাবে সামলানো যায়, সেটিই এখন বড় পরীক্ষা দলগুলোর জন্য।
সূত্র: বিবিসি, দ্য টেলিগ্রাফ