কালো ফেস মাস্ক পরে কেন খেললেন জিদানের ছেলে লুকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ১৩:৩৯:৪৩ |

আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার ম্যাচে দর্শকদের নজর কাড়েন গোলরক্ষক লুকা জিদান। তবে তার গোলরক্ষণ নয়, বরং মুখে পরা কালো ফেস মাস্কই কৌতূহলের জন্ম দিয়েছে বেশি। অনেকের প্রশ্ন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিদানের ছেলে কেন এই বিশেষ সুরক্ষা নিয়ে মাঠে নামছেন?

এর পেছনে রয়েছে কয়েক মাস আগের এক দুঃসহ অভিজ্ঞতা। চলতি বছরের এপ্রিল মাসে ক্লাব ফুটবলে খেলতে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মুখে গুরুতর আঘাত পান ২৮ বছর বয়সী লুকা জিদান। ওই ঘটনায় তার চোয়াল ও থুতনির হাড় ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি মাথায় আঘাতজনিত জটিলতাও দেখা দেয়, যার কারণে তাকে অস্ত্রোপচার করাতে হয় এবং দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়।

চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকরা এখনো সতর্ক থাকতে বলেছেন। সে কারণেই বিশ্বকাপের মতো বড় আসরে মুখের সুরক্ষার জন্য বিশেষভাবে তৈরি শক্ত কালো ফেস মাস্ক পরে খেলছেন তিনি। এই মাস্ক মুখমণ্ডলের দুর্বল অংশগুলোকে সুরক্ষা দেয় এবং নতুন করে আঘাত পাওয়ার ঝুঁকি কমায়।

বিশ্বকাপ শুরুর আগে নিজের শারীরিক অবস্থা নিয়ে লুকা জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি এবং এখন আর কোনো ব্যথা অনুভব করছেন না। মাঠে ফিরতে পেরে নিজের আনন্দও প্রকাশ করেন আলজেরিয়ার এই গোলরক্ষক।

আন্তর্জাতিক ফুটবলে লুকার পথচলাও বেশ ব্যতিক্রমী। ফ্রান্সের বয়সভিত্তিক বিভিন্ন দলে খেললেও সিনিয়র পর্যায়ে সুযোগ পাননি। পরে পারিবারিক শিকড়ের টানে আলজেরিয়ার জার্সি বেছে নেন। তার দাদা-দাদি ছিলেন আলজেরিয়ার বাসিন্দা। ফলে নিয়ম অনুযায়ী উত্তর আফ্রিকার দেশটির প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিল না তার জাতীয়তা কিংবা পারিবারিক পরিচয়। বরং মুখে থাকা কালো মাস্কই মনে করিয়ে দিয়েছে কঠিন এক লড়াইয়ের গল্প—গুরুতর চোট, অস্ত্রোপচার এবং সেখান থেকে ফিরে বিশ্বকাপের মঞ্চে দাঁড়ানোর গল্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..