✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ১৩:০১:৪১ |পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে আর্থিক ও ব্যাংকিং সম্পর্ক আরও জোরদার করতে এবার বড় পদক্ষেপ নিল ইরান। রাশিয়ার সাথে বিশেষ অর্থনৈতিক ও আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করতে সরাসরি মস্কো সফরে যাচ্ছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি।
ইরানের আধা-সরকারি গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, গভর্নরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল ইতিমধ্যেই রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে।
এই সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে আর্থিক লেনদেনকে আরও সহজ করা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক আদান-প্রদানের পরিমাণ বাড়াতে নতুন ও কার্যকর কৌশল তৈরি করা। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ার সাথে ইরানের এই মিত্রতা আন্তর্জাতিক রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সম্প্রতি দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নিষেধাজ্ঞা শিথিলকরণ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঠিক এই আবহেই ইরান ও রাশিয়ার ব্যাংকিং খাতের এই নতুন মেলবন্ধন বিশ্ব অর্থনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। সূত্র- আল জাজিরা