✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ১২:৩৮:২৮ |ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হনেছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার (১৬ জুন) দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে।
প্রথম ঝাঁকুনিটি মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহরে এক মিনিটেরও বেশি সময় ধরে তীব্রভাবে অনুভূত হয়। শহরটিতে প্রায় ৪ লাখ মানুষ বসবাস করেন। এ ঘটনায় বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। পরবর্তী সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫.২, ৫.০ এবং ৪.৯।
ইন্দোনেশিয়া বেশ কয়েকটি সক্রিয় ভূকম্পন চ্যুতির ওপর অবস্থিত। তাই দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয় এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও একটি সাধারণ ঘটনা।
এর আগে, ২০২১ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মামুজু শহরের কাছে ৬.২ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত ১০০ জন নিহত হন এবং আফটারশকের ভয়ে হাজার হাজার মানুষ দিনের পর দিন খোলা আকাশের নিচে ঘুমিয়েছিলেন।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ও এর পর সৃষ্ট প্রায় ৩ মিটার উঁচু সুনামিতে পালু এবং আশপাশের এলাকায় ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।
সূত্র: রয়টার্স