✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১৩:৫৮:৪৭ |বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুর্যোগের আগাম প্রস্তুতি, ত্রাণ কার্যক্রম এবং পরবর্তী পুনর্বাসনে বাংলাদেশের সাফল্যকে ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান, আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং রেসকিউ সেন্টার উন্নয়নের মতো খাতে বাংলাদেশকে আরও সহযোগিতা করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকারের সময়ে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও নিবিড় হবে।
জবাবে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বিভিন্ন খাতে বাংলাদেশের পাশে থাকার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান। পাশাপাশি বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে ইইউর সহযোগিতা কামনা করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।