✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

বিশ্বকাপ না জিতেও মিসরের জার্সিতে সাত তারকা, সতর্ক করলো ফিফা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৪, | ১৩:০৩:২৩ |

বিশ্বকাপের শিরোপা না জিতেও জাতীয় দলের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করায় মিসর ফুটবল অ্যাসোসিয়েশনকে সতর্ক করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচে বর্তমান সাত তারকাসংবলিত জার্সি ব্যবহার করা যাবে না।

আফ্রিকা কাপ অব নেশন্সে রেকর্ড সাতবার শিরোপা জয়ের স্মারক হিসেবে দীর্ঘদিন ধরে জার্সিতে সাতটি তারকা ব্যবহার করে আসছে মিসর। তবে ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে তারকা যোগ করার অধিকার কেবল বিশ্বকাপ জয়ী দলগুলোর জন্য সংরক্ষিত।

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের মিডিয়া কর্মকর্তা মোহামেদ মোরাদ ছাবেত জানান, চলতি বছরের শুরুতেই ফিফা বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করে। একই সঙ্গে কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমাকেও জার্সির নকশায় প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়।

ছাবেত বলেন, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়; বরং নিয়ম বাস্তবায়নের অংশ হিসেবে দেওয়া একটি আনুষ্ঠানিক নোটিশ। তার দাবি, ফিফার অবস্থান সম্পর্কে আগে থেকেই ধারণা থাকায় প্রয়োজনীয় প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছিল।

ফিফার নীতিমালায় বলা হয়েছে, বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবেই কেবল জার্সিতে তারকা ব্যবহার করা যাবে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে রয়েছে উরুগুয়ে। দেশটির জার্সিতে থাকা চারটি তারকার মধ্যে দুটি বিশ্বকাপ জয়ের এবং বাকি দুটি ১৯২৪ ও ১৯২৮ সালের অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক অর্জনের স্বীকৃতিস্বরূপ, যা ফিফার অনুমোদন পেয়েছে।

২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালে অংশ নিলেও এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচে জয় পায়নি উত্তর আফ্রিকার দেশটি।

আসন্ন আসরে সোমবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিশর। এরপর নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..