আবারও উদ্বোধনী ম্যাচে মেক্সিকো, এবার কি বদলাবে পুরোনো ইতিহাস?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১১:০৫:৪০ |

বিশ্বকাপ ট্রফি ছোঁয়া হয়নি কোনো দিন, সর্বোচ্চ খেলেছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। অথচ যখনই বিশ্বমঞ্চের পর্দা ওঠে, উদ্বোধনী ম্যাচে বারবার দেখা যায় মেক্সিকোকে। এবারও যেমন বিশ্বকাপের পর্দা উঠছে মেক্সিকোর ম্যাচ দিয়ে, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশিবার নামার রেকর্ডটি মেক্সিকোর। এ নিয়ে আটবার। অথচ কী আশ্চর্য নিয়তি! একবারও উদ্বোধনী ম্যাচে জয়ের মুখ দেখেনি মেক্সিকো। ব্রাজিল বা জার্মানি যখনই উদ্বোধনী ম্যাচ খেলেছে, খেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। মেক্সিকো সেখানে খেলেছে অবধারিত এক সহযাত্রী হিসেবে কিংবা স্বাগতিক হিসেবে।

আগের সাতটি উদ্বোধনী ম্যাচে একটিও জয় নেই মেক্সিকোর। এমনকি পরপর পাঁচবার উদ্বোধনী ম্যাচে খেলার রেকর্ড তাদের, কিন্তু কখনো জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ হয়নি তাদের। কখনো ব্রাজিলের সাম্বার তোড়ে ভেসে গেছে, কখনো সুইডেন বা ফ্রান্সের কাছে মাথা নোয়াতে হয়েছে। সব মিলিয়ে পাঁচটা হার। সঙ্গে দুটি ড্র ১৯৭০ সালে ঘরের মাঠে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ০–০। তারপর ১৬ বছর আগে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ভুভুজেলার কানফাটানো আওয়াজের ভেতর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১।

সেই দক্ষিণ আফ্রিকাই ১৬ বছর পর আবার বিশ্বমঞ্চে ফিরছে এবং উদ্বোধনী ম্য্যাচে প্রতিপক্ষ হিসেবে আবার সেই মেক্সিকো। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। এবার মেক্সিকো খেলছে নিজের চেনা উঠোনে, প্রায় লাখো উন্মাদ সমর্থকের সামনে। মেক্সিকোর কাছে এই ম্যাচের গুরুত্ব তাই শুধু বিশ্বকাপের পর্দা তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি দীর্ঘদিনের এক অস্বস্তিকর ইতিহাস থেকে মুক্তিরও মঞ্চ। আজ রাতে আশা আর অনিশ্চয়তা পাশাপাশি হাঁটবে। গ্যালারিতে যখন ঢেউ তুলবে ‘মেক্সিকান ওয়েভ’, উদ্বোধনী আয়োজন যখন রঙ আর সুরে ভরিয়ে তুলবে আজতেকাকে, তখন মাঠে নামা মেক্সিকোর এগারো ফুটবলারের হৃদয়েও নিশ্চয়ই বাজবে অন্যরকম এক সুর। নিজেদের মাঠে, নিজেদের মানুষের সামনে তারা কি পারবে উদ্বোধনী ম্যাচের সেই পুরোনো অভিশাপ ভাঙতে? উত্তর লুকিয়ে আছে নব্বই মিনিটের লড়াইয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..