মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম টুরিস্ট বা স্টুডেন্ট ভিসার অপব্যবহার করে অবৈধ বিদেশিদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবিলম্বে দেশব্যাপী কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার (৮ জুন) দেশটির পুত্রজায়ায় যোগাযোগ মন্ত্রণালয়ের এক মাসিক সমাবেশে এই নির্দেশ দেন তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বারবার সতর্ক করার পরও আইন লঙ্ঘনের ঘটনা সরকার আর কোনোভাবেই বরদাশত করবে না। যারা অবৈধভাবে ব্যবসার লাইসেন্স সংগ্রহ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং এই অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে।’
এই সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী একটি সমন্বিত বহুমাত্রিক টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন, যাতে আইন প্রয়োগের বিষয়টি কেবল অভিযান ও পণ্য জব্দের মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংক নেগারা মালয়েশিয়া (কেন্দ্রীয় ব্যাংক) এবং মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ই-কমার্স প্ল্যাটফর্মের কার্যক্রম এবং অবৈধ আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করবে।
এছাড়া স্থানীয় কাউন্সিল ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের লাইসেন্স যাচাই করবে, রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগ কর পরিশোধের বিষয়টি নিশ্চিত করবে এবং ইমিগ্রেশন বিভাগ ভিসা ও পাসের অপব্যবহার রোধে কাজ করবে।
আনোয়ার ইব্রাহিম আরও উল্লেখ করেন, কিছু বাণিজ্যিক অ্যাসোসিয়েশন এই সমস্যাটি জানলেও তারা কোনো সহযোগিতা করেনি, উল্টো কোনো কোনো ক্ষেত্রে অবৈধ বিদেশি কর্মীদের মধ্যস্থতাকারী বা এজেন্ট হিসেবে কাজ করেছে এবং তাদের কাছ থেকে বিশেষ ফি আদায় করেছে।
গত শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি উত্থাপিত হয়েছিল। এই পরিস্থিতিতে সরকারের কঠোর অবস্থানের কথা জনগণকে স্পষ্টভাবে জানিয়ে দিতে দেশের যোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়।
এ জাতীয় আরো খবর..