‘প্রকৃত শত্রুর হাত থেকে লেবাননকে রক্ষা করুন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৬, | ১৯:৪৫:৪৫ |
লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের কথিত প্রভাব নিয়ে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি প্রেসিডেন্ট আউনকে ইরানের প্রতি লক্ষ না করে লেবাননের ‘প্রকৃত শত্রুর’ দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, লেবাননকে আপনার প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করুন।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস টিভি বলছে, এর আগে শুক্রবার সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আউন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্পর্কে মন্তব্য করেন এবং অভিযোগ করেন যে, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় লেবাননকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

আউনের বক্তব্যের জবাবে আরাগচি বলেন, ‘তার এ মন্তব্য শুনে মনে হতে পারে, ইরানই যেন লেবাননের এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে। দেশটির এক-চতুর্থাংশ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন লেবাননে বোমা হামলা চালাচ্ছে।

আরাগচি দাবি করেন, লেবাননের বর্তমান সংকটের প্রকৃত উৎস সম্পর্কে আউনের মূল্যায়ন ভুল এবং তিনি মূল হুমকিকে উপেক্ষা করছেন।

লেবাননকে ইরান আলোচনার ‘দর-কষাকষির উপকরণ’ হিসেবে ব্যবহার করছে- এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, ‘যদি লেবানন সত্যিই ইরানের জন্য দরকষাকষির কোনো হাতিয়ার হতো, তাহলে আমরা অনেক আগেই একটি সমঝোতায় পৌঁছে যেতাম।’

কী বলেছিলেন প্রেসিডেন্ট আউন?

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির বক্তব্যের প্রতিক্রিয়ায় জোসেফ আউন বলেন, ‘এটি আপনাদের দেশ নয়, এটি আমাদের দেশ।

এর আগে কানি বলেছিলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ন্যূনতম দাবি হলো— ৪০ দিনের যুদ্ধ শুরুর আগে যে অবস্থানে ইসরায়েল ছিল, সেখানে তাদের সম্পূর্ণ প্রত্যাহার।

আউন আরও বলেন, লেবাননকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে ব্যবহার করা ‘গ্রহণযোগ্য নয়’। একই সঙ্গে তিনি হিজবুল্লাহকে ইসরায়েলের সঙ্গে সংঘাতের অবসানে কূটনৈতিক পথ বেছে নেওয়ার আহ্বান জানান।

যুদ্ধবিরতির পরও অব্যাহত হামলা

লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশটির বিভিন্ন গ্রাম ও শহরে বিমান হামলা চালিয়ে আবাসিক ভবন, জনসেবা স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সাম্প্রতিক হামলায় কয়েকজন লেবাননি নাগরিক নিহত ও আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনী সাইদা ও নাবাতিয়েহ অঞ্চলের অন্তত তিনটি শহরের বাসিন্দাদের জন্য নতুন করে স্থানত্যাগের নির্দেশ জারি করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৫২৬ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, হিজবুল্লাহ দাবি করেছে যে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং সংঘাতে ইসরায়েলের জনবল ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি বাড়ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..