✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০৫, | ২১:৪৬:৫৫ |ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত এক যাত্রীর হারিয়ে যাওয়া আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার ফিরিয়ে দিয়েছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। স্বর্ণালংকারের মধ্যে ছিল দুটি স্বর্ণের চেইন ও দুটি কানের দুল।
শুক্রবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একুশে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উলটে যায়। এতে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হন। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিচালনার সময় দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ একটি সাদা কৌটার ভেতর আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার খুঁজে পায়। পরে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট মো. নাজমুল হাসান, কনস্টেবল হাফিজুর রহমান, সাইদুর রহমান, মনির হোসেন ও তাজুল ইসলাম প্রকৃত মালিক সালমা বেগমকে শনাক্ত করেন। পরে তার হাতে দুটি স্বর্ণের চেইন ও দুটি কানের দুলসহ উদ্ধার করা স্বর্ণালংকার হস্তান্তর করেন।
স্বর্ণালংকার ফিরে পেয়ে আবেগাপ্লুত সালমা বেগম বলেন, ‘দুর্ঘটনার ধাক্কায় আমি ভেবেছিলাম আমার স্বর্ণালংকার আর ফিরে পাব না। কিন্তু পুলিশের আন্তরিকতায় মূল্যবান জিনিসগুলো ফিরে পেয়েছি।’
কনস্টেবল হাফিজুর রহমান বলেন, ‘উদ্ধারকাজের সময় বাসের ভেতরে একটি সাদা কৌটা দেখতে পাই। কৌটা খুলে স্বর্ণালংকার দেখতে পেয়ে বিষয়টি সার্জেন্ট নাজমুল হাসান স্যারকে জানাই। পরে আমরা প্রকৃত মালিককে খুঁজে বের করে তার কাছে স্বর্ণালংকারগুলো বুঝিয়ে দিই।’
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘প্রকৃত মালিকের কাছে তার মালামাল পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের অংশ। আমার সহকর্মীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।’