পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজকর্ম যথাযথভাবে পালন করতে গিয়ে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তার পক্ষে এই পদে অব্যাহতভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। সে কারণেই পদত্যাগ করাকে তিনি সমীচীন মনে করেছেন।
পদত্যাগপত্রে স্বাক্ষর করে দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দীপেন দেওয়ান আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।
প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হন দীপেন দেওয়ান। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে দীপেন দেওয়ান বিএনপিতে যোগ দেন। ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করেন।
দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন।
এ জাতীয় আরো খবর..