✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ২০:৩১:৫৪ |সিলেট মহানগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হাবিল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত জুয়েল (২৬) বর্তমানে মহানগরীর রায়নগর দপ্তরীপাড়ার সাকেরের কলোনির বাসিন্দা এবং ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভেরা ১০নং সিধলা ইউপি এলাকার আব্দুর রহিমের ছেলে। আটককৃত যুবক সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে মো. হাবিল।
পুলিশ জানায়, জুয়েল ও মো. হাবিল বন্ধু ছিলেন। পূর্ব শত্রুতার জেরে তাদের দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে হাবিল ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে জুয়েলের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করেন। পরে আহতাবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা হাবিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, দুই বন্ধুর মধ্যে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাবিলকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।