✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৩:০০:৩২ |ময়মনসিংহের সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩৫) এবং তার চার বছর বয়সী ছেলে রোহান মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম স্ত্রী, দুই ছেলে ও শ্যালিকাকে নিয়ে ময়মনসিংহ শহর থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম ও তার ছোট ছেলে রোহানের মৃত্যু হয়। দুর্ঘটনায় জাহাঙ্গীরের বড় ছেলে রাফি সামান্য আহত হয়। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।