✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ০০:৩৭:১৭ |যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ সাময়িকভাবে স্থগিত করেছেন একজন ফেডারেল বিচারক। সাবেক প্রশাসনগুলোর রাজনৈতিক তদন্ত বা হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে এই তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেওয়া দুই পাতার এক আদেশে বিচারক যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে তহবিলটি গঠন, পরিচালনা, দাবি যাচাই কিংবা অর্থ বিতরণ—সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন। আগামী ১২ জুন প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ গঠনের ঘোষণা দেয়। ট্রাম্পের কর নথি প্রকাশের ঘটনায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস)-এর বিরুদ্ধে ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মামলার সমঝোতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।
তবে তহবিলটি নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ট্রাম্প সমর্থকদের অনেকেই ক্ষতিপূরণ দাবি করার ইচ্ছা প্রকাশ করেন। অথচ কারা এই অর্থ পাওয়ার যোগ্য হবেন, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলেরও কয়েকজন নেতা তহবিলটির সমালোচনা করেছেন। সিনেটের রিপাবলিকান নেতা জন থুন বলেন, তিনি এই তহবিলের ‘বড় সমর্থক নন’ এবং কীভাবে দাবিগুলো যাচাই করা হবে, তা নিয়েও তিনি নিশ্চিত নন।
এদিকে, ভার্জিনিয়ায় দায়ের করা মামলায় দুই ব্যক্তি অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক প্রতিশোধমূলক আচরণের মাধ্যমে তাদের লক্ষ্যবস্তু করেছে। কিন্তু তারাই মনে করছেন, সরকার তাদের ক্ষতিপূরণের আবেদন গ্রহণ করবে না। বর্তমানে ফেডারেল আদালতগুলোতে এই তহবিল নিয়ে একাধিক আইনি চ্যালেঞ্জ বিচারাধীন রয়েছে। পাশাপাশি ট্রাম্প, তার পরিবার ও প্রতিষ্ঠানের আগের কর নথি পুনরায় তদন্ত না করার শর্তও সমঝোতায় অন্তর্ভুক্ত হয়েছে।