মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই হল মালিকদের সুখবর দিলেন বিজয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:৫৪:১৭ |

তামিলনাড়ুর থিয়েটার মালিক ও চলচ্চিত্র-সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি মেনে এক বড় ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। এখন থেকে নতুন কোনো তামিল সিনেমা মুক্তি পেলে প্রথম সাত দিন রাজ্যের সব প্রেক্ষাগৃহে প্রতিদিন পাঁচটি করে শো প্রদর্শন করা যাবে। 

গত ১৬ মে চলচ্চিত্রশিল্পের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সব সিনেমার জন্য দৈনিক পাঁচটি শো-র অনুমতি চেয়ে আবেদন জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। মুখ্যমন্ত্রী কার্যালয়ের (সিএমও) পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে এই আদেশ জারির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এত দিন পর্যন্ত ‘তামিলনাড়ু সিনেমাস (রেগুলেশন) রুলস, ১৯৫৭’-এর নিয়ম অনুযায়ী প্রেক্ষাগৃহগুলোতে দিনে সর্বোচ্চ চারটি শো প্রদর্শনের অনুমতি ছিল। কেবল স্থানীয় উৎসব বা সরকারি ছুটির দিনে জেলা শাসক কিংবা চেন্নাইয়ের পুলিশ কমিশনারের বিশেষ অনুমতি সাপেক্ষে পঞ্চম শো চালানো যেত। চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর মুখ্যমন্ত্রী বিজয় এই পুরোনো নিয়মে সংশোধন এনেছেন। নতুন নিয়ম অনুযায়ী, নতুন তামিল ছবি মুক্তির প্রথম সাত দিন দিনে পাঁচটি শো চালানোর জন্য প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে এখন থেকে সরকার বা স্থানীয় প্রশাসনের কাছ থেকে আলাদা করে কোনো অনুমতি নিতে হবে না। এ ছাড়া সাধারণ সপ্তাহের শনি ও রবিবার এবং যেকোনো সরকারি ছুটির দিনেও স্বয়ংক্রিয়ভাবে পাঁচটি শো প্রদর্শনের সুবিধা পাবেন হল মালিকরা।

তামিল চলচ্চিত্রশিল্পের জন্য এই সিদ্ধান্তকে একটি বিশাল ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা সিনেমার ব্যবসায়িক সাফল্য ও দর্শক সমাগম বাড়াতে বড় ভূমিকা রাখবে। সিনেমার প্রতি মুখ্যমন্ত্রীর এই আন্তরিকতা অবশ্য নতুন নয়। এর আগে গত ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অভিনেতা সুরিয়া এবং তৃষা কৃষ্ণান অভিনীত ‘কারুপ্পু’ সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করায় পুরো টিমকে অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। 

নতুন এই সরকারি নির্দেশনার ফলে তামিলনাড়ুর চলচ্চিত্রবাজারে ব্যবসা আরও চাঙা হবে এবং দর্শক ও হল মালিক উভয়পক্ষই উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..