✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:৩৬:৩৫ |ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া সেতুতে দাঁড়িয়ে থাকা একটি নোহা মাইক্রোবাসকে পেছন থেকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে একই পরিবারের ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে ৩টার দিকে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- হাসিবুর রহমান শান্ত (২৮), রাব্নি হাসান (২৬), লায়লি বেগম (৬৫), সাব্বির (২০), হৃদয় (২৫), শুভ কাজী (১৯) ও ফেরদৌসী বেগম (৪৫)। তাদের সবার বাড়ি নড়াইলের লোহাগড়া এলাকায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি নড়াইলে যাওয়ার পথে জরুরি প্রয়োজনে যাত্রীবাহী মাইক্রোবাসটি সড়কের পাশে থামানো ছিল। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের সাতজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতরা সবাই একই পরিবারের সদস্য এবং তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ভোরে কুচিয়ামোড়া সেতু এলাকায় বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা নোহা গাড়িটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।