✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:৩৫:৩৯ |জাপানের রাজধনী টোকিওর একটি শপিং মলে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অন্তত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করান। দেশটির একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
পুলিশের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় সোমবার গিনজা-সিক্স শপিং সেন্টারের নিচ তলায় একটি ক্যাশ মেশিনে এক ব্যক্তি ‘কিছু একটা স্প্রে’ করার পর এ কাণ্ড ঘটে।
যা স্প্রে করা হয়েছে সেটি ঝাঁঝ সৃষ্টিকারী ক্যাপসাইসিন জাতীয় কিছু বলেই ধারণা করছে কর্তৃপক্ষ; এই ক্যাপসাইসিন মরিচের মধ্যে পাওয়া যায়।সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ এখনও খুঁজে বেড়াচ্ছে বলে জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে-র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ঘটনাস্থলের কাছে থাকা লোকজন গলায় ব্যথা ও চুলকানি হওয়ার কথা জানিয়েছেন। ৭০ বছর বয়সী এক বৃদ্ধা প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থাকে বলেছেন, এটিএমের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই তার গলায় ‘ব্যথা ও জ্বালা’ শুরু করে।
“যখন সেখানে পৌঁছেছি, ততক্ষণে হট্টগোল শুরু হয়ে গেছে, আমি ভেবেছিলেন হয়তো কোনো ছোটখাট আগুন বা কিছু হয়েছে। “যখন এটিএমের অংশে গেলাম, আমার গলা খসখসে ও অনুভূতিহীন হয়ে পড়েছিল,” বলেছেন তিনি।
পুলিশ ও দমকল বাহিনীর কর্মী, অ্যম্বুলেন্সসহ ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি উদ্ধারকারী কর্মী উপস্থিত রয়েছে। শপিং সেন্টারের সামনের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
একাধিক ছবিতে জীবাণু-প্রতিরোধেী স্যুট পরিহিত কর্মীদের মলটির ভেতর থেকে লোকজনকে বের করে আনতে দেখা গেছে। সূত্র: বিবিসি