✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৪, | ১৭:৪৪:২১ |অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে নতুন ‘আমেরিকা ফার্স্ট’ ভিসা শিডিউলিং সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চার দিনের ভারত সফরে এই নতুন উদ্যোগের কথা তুলে ধরেন।
নতুন এই ব্যবস্থার লক্ষ্য হলো- যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের অর্থনীতি, বিনিয়োগ এবং কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, তাদের জন্য ভিসা প্রক্রিয়াকে দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক করা। বিশেষ করে ভারতীয় ব্যবসায়ী, বিনিয়োগকারী, প্রযুক্তি খাতের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী কোম্পানিগুলোর কর্মকর্তারা এ সুবিধা বেশি পাবেন বলে জানা গেছে।
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক এখন শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই; বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও বিনিয়োগের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা দ্রুত বাড়ছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা ও সামরিক মহড়াও বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তায় ভরা ভিসা প্রক্রিয়া প্রায়ই ব্যবসায়িক সফর, বিনিয়োগ আলোচনা ও আন্তর্জাতিক অংশীদারত্বে বাধা সৃষ্টি করে। নতুন ‘আমেরিকা ফার্স্ট’ টুল সেই জটিলতা কমাতে ভূমিকা রাখবে বলে আশা করছে ওয়াশিংটন।
এই ব্যবস্থার আওতায় আবেদনকারীর গুরুত্ব ও সফরের উদ্দেশ্য মূল্যায়ন করে দ্রুত সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে। ফলে যারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা, বাণিজ্যিক চুক্তি বা কৌশলগত অংশীদারত্বে যুক্ত থাকবেন, তারা সাধারণ আবেদনকারীদের তুলনায় দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সুযোগ পাবেন।
নতুন প্রযুক্তিনির্ভর এই প্রক্রিয়া নিয়ে রুবিও বলেন, এটি শুধু আবেদনকারীদের জন্যই নয়, মার্কিন দূতাবাস ও কনস্যুলেট কর্মকর্তাদের কাজও আরও সহজ করবে। এতে কম সময়ের মধ্যে দ্রুত ও কার্যকরভাবে আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে।
তার ভাষায়, ‘এই সুবিধা যুক্তরাষ্ট্রের অর্থ সাশ্রয় করবে এবং আমাদের কাজকে আরও দক্ষ ও কার্যকর করে তুলবে।’
সূত্র: বিবিসি