রূপান্তরকামী নারীদের জন্য ‘নারী শৌচাগার’ ব্যবহার নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৩:৩১:০৬ |

যুক্তরাজ্যে নারীদের শৌচাগার, চেঞ্জিং রুম এবং ক্রীড়া দলগুলোতে ট্রান্স নারীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করতে নতুন নির্দেশিকা প্রকাশ করতে যাচ্ছে দেশটির সরকার। সমতা বিষয়ক মন্ত্রী ব্রিজেট ফিলিপসন আজ বৃহস্পতিবার এই নির্দেশিকাটি চূড়ান্তভাবে নিশ্চিত করবেন বলে আশা করা হচ্ছে। এই নির্দেশিকার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো কীভাবে আইনগতভাবে কেবল নারীদের জন্য নির্ধারিত স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করবে, তা স্পষ্ট করা হবে।

মূলত গত বছর দেশটির সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আদালত তার রায়ে জানিয়েছিল, সমতা আইনের (ইকুয়ালিটি অ্যাক্ট) আওতায় জন্মগতভাবে পুরুষ হিসেবে জন্ম নেওয়া ট্রান্স নারীদের আইনগতভাবে নারী হিসেবে গণ্য করা যাবে না। সমতা বিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে এই নির্দেশিকা প্রকাশে বিলম্ব হওয়ার কারণে এতদিন হাসপাতাল ও বিনোদন কেন্দ্রগুলোতে ট্রান্স নারীদের নারী ও মেয়েদের জন্য সংরক্ষিত স্থানগুলো ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছিল, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।

নির্দেশিকাটি মূলত তৈরি করেছে ‘ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন’ (ইএইচআরসি) এবং গত বছরের সেপ্টেম্বর মাসেই তা মন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছিল। তবে নির্দেশিকাটি চূড়ান্ত করার আগে সমতা মন্ত্রী এতে বেশ কিছু সংশোধনের অনুরোধ জানান। জানা গেছে, কমিশন এই নির্দেশিকায় কিছু পরিবর্তন এনেছে, যেখানে নারীদের জন্য নির্ধারিত স্থানগুলোর সুরক্ষার পাশাপাশি ট্রান্স সম্প্রদায়ের মানুষেরাও যাতে শৌচাগার ও চেঞ্জিং রুম ব্যবহারের সুযোগ পান, সে বিষয়ে বিভিন্ন উদাহরণ যুক্ত করা হয়েছে।

নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ‘সেক্স ম্যাটার্স’ নামক একটি সংগঠনের অ্যাডভোকেসি ডিরেক্টর হেলেন জয়েস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিলম্ব না করে দ্রুত এই নির্দেশিকা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে যে কেবল নারীদের জন্য নির্ধারিত স্থান ও সেবার ক্ষেত্রে ‘লিঙ্গ’ বলতে কেবল জৈবিক নারী ও পুরুষকেই বোঝাবে। তাই এতদিন যারা আত্মপরিচয়ের ভিত্তিতে নারীদের স্থানে প্রবেশের অনুমতি দিয়ে আসছিল, সেই সমস্ত এনএইচএস, স্থানীয় কাউন্সিল এবং সরকারি দপ্তরগুলোর এখন তাদের ত্রুটিপূর্ণ নীতি পরিবর্তন করার সময় এসেছে।

২০১১ সালের পর এই প্রথম সমতা আইনের এই আচরণবিধি বা নির্দেশিকাটি আপডেট করা হচ্ছে। এটি সরকারি দপ্তর, এনএইচএস, পুলিশ, কারাগার, হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ ও সিনেমা হলসহ সাধারণ জনগণকে সেবা দেওয়া সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এমনকি কাউন্সিলের পক্ষে কাজ করা কেয়ার হোম বা ব্যক্তিগত মালিকানাধীন বিনোদন কেন্দ্রের মতো বেসরকারি বা দাতব্য সংস্থাগুলোকেও এই নিয়ম মেনে চলতে হবে।


সূত্র: দ্য টেলিগ্রাফ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..