বলিউডে আবারও ফিরতে চলেছে জনপ্রিয় জুটি সালমান খান ও কারিনা কাপুর খান- এমন গুঞ্জনে গত কয়েক সপ্তাহ ধরেই সরগরম ছিল মুম্বাইয়ের চলচ্চিত্রপাড়া। ‘বডিগার্ড’ থেকে ‘বজরঙ্গি ভাইজান’, একের পর এক ব্যবসাসফল ছবিতে এই জুটির রসায়ন দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। তাই নতুন করে তাঁদের একসঙ্গে দেখার সম্ভাবনায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছিল প্রবল উচ্ছ্বাস।
শোনা যাচ্ছিল, নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে-র নতুন সুপারহিরো ঘরানার ছবিতে নাকি আবারও এক ফ্রেমে দেখা যাবে সালমান ও কারিনাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছিল ব্যাপক আলোচনা। তবে সেই জল্পনায় আপাতত পানি ঢেলে দিলেন ঘনিষ্ঠ সূত্রেরা।
জানা গেছে, ছবিটিতে সালমান খানের উপস্থিতি প্রায় নিশ্চিত হলেও কারিনা কাপুর খানের সঙ্গে এখনও পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমনকি নির্মাতাদের পক্ষ থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে দাবি করা হয়েছে।
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ছবিটির চিত্রনাট্য এখনও পুরোপুরি তৈরি হয়নি। বর্তমানে গল্পের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের শেষ দিকে শুরু হতে পারে অভিনয়শিল্পী চূড়ান্ত করার প্রক্রিয়া। এই মুহূর্তে শুধু সালমান খানই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। নারী চরিত্রে কাকে নেওয়া হবে, তা নিয়েও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
ফলে সালমান-কারিনার বহুল আলোচিত পুনর্মিলনের খবর এখনই সত্যি হচ্ছে না বলেই মনে করছেন বলিউড সংশ্লিষ্টরা। তবে দর্শকদের আগ্রহ যে এখনও এই জুটিকে ঘিরেই, সেটি ফের একবার স্পষ্ট হয়ে গেল সাম্প্রতিক এই গুঞ্জনে।
এ জাতীয় আরো খবর..