ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৮, | ২১:১৫:৩৪ |
মানিকগঞ্জের সাটুরিয়ায় কংক্রিটবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী এলাকার বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- আলম (১৬) ও কালু মিয়া (১৬)। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। আহত মোটরসাইকেল চালক সোনা মিয়া (২২) গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ট ১২-৬০৫৯ নম্বরের একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জ-ল ১২-৭১০১ নম্বরের একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন।

এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে থাকা আলম (১৬) মারা যান। গুরুতর আহত কালু মিয়াকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত মোটরসাইকেল চালক সোনা মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। 

খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। 

সাটুরিয়া থানার ওসি মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..