ধনকুবেরদের সম্পদে একদিনে যোগ হলো ২৬৫ বিলিয়ন ডলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১৯:৩০:২১ |
বিশ্বের শীর্ষ ৫০০ ধনকুবেরের মোট সম্পদে একদিনে যোগ হয়েছে ২৬৫ বিলিয়ন বা ২৬ হাজার ৫০০ কোটি ডলার।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে বুধবার এ তথ্য উঠে আসে। খবর আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, একদিনের ব্যবধানে সম্পদের এ উল্লম্ফন ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। প্রায় এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দিলে একদিনে ধনকুবেরদের সম্পদ ৩০ হাজার ৪০০ কোটি ডলার বেড়ে রেকর্ড গড়ে।

বিনিয়োগকারীরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতি জ্বালানি তেলের বাজারের ওপর চাপ কমাতে সাহায্য করবে। বিশেষ করে বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় স্বাভাবিক বাণিজ্য শুরুর সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার দিনের শুরুতে লেনদেন শেষে মার্কিন শেয়ারবাজারে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২ দশমিক ৫ শতাংশ, ডাও জোন্স ২ দশমিক ৮৫ ও নাসডাক ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

সম্পদ বৃদ্ধির এ দৌড়ে সবার ওপরে রয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বুধবার মেটার শেয়ারদর ৬ দশমিক ৫ শতাংশ বাড়লে জাকারবার্গের সম্পদে ১ হাজার ২৮০ কোটি ডলার যোগ হয়। এছাড়া ফরাসি বিলাসবহুল পণ্য ব্যবসায়ী বার্নার্ড আরনল্ট এবং গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন প্রত্যেকের সম্পদে ৮০০ কোটি ডলারের বেশি যোগ হয়েছে। সামগ্রিকভাবে ইনডেক্সে থাকা ৬১ জন ব্যক্তির প্রত্যেকের নিট সম্পদ একদিনে ১০০ কোটি ডলারের বেশি বেড়েছে।

উল্লম্ফন সত্ত্বেও ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষ ৫০০ ধনকুবেরের সম্মিলিত সম্পদ গত বছরের তুলনায় ৩ হাজার ৮৮০ কোটি ডলার কম রয়েছে। বর্তমানে তাদের মোট সম্পদের পরিমাণ ১১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..