শান্তিচুক্তি নিয়ে সংশয়

শেয়ারবাজারে সতর্ক মনোভাব, জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৬:০৪:৫০ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, চুক্তি না হলে পুনরায় সংঘাত শুরু হবে। এছাড়া গত মাসে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর বুধবার লেবাননে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল, একদিনেই দেশটিতে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন

দিনের শুরু থেকে এশিয়ার শেয়ারবাজারে সতর্কভাব দেখা যাচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও স্বল্প সময়ের মধ্যেই শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এটি একই সঙ্গে জ্বালানি তেলের দামের পুনরুদ্ধারে প্রভাব ফেলেছে। খবর রয়টার্স।

হরমুজ প্রণালি এখনো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এ রুটে নিরাপদে চলাচলের জন্য দেশটি ফি দাবি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, চুক্তি না হলে পুনরায় সংঘাত শুরু হবে। এছাড়া গত মাসে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর বুধবার লেবাননে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল, একদিনেই দেশটিতে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন।

ডে-ভের গ্রুপের সিইও নাইজেল গ্রিন বলেন, ‘বিশ্বের জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এমন একটি করিডর এখনো সংঘাতের পক্ষগুলোর প্রভাবের অধীনে রয়েছে। এটি স্থিতিশীল পরিস্থিতি নয়।’

সর্বশেষ খবরে জানা যাচ্ছে, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ৯৭ ডলার ১০ সেন্ট। অন্যদিকে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৯৭ ডলার ৫৯ সেন্ট।

এদিকে জাপানের নিক্কেই ২২৫ সূচক গতকাল ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছিল। আজ সামান্য ওঠানামার মাঝে অনেকটা স্থিতিশীল রয়েছে সূচকটি। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে, গতকাল এটি বেড়েছিল ৬ দশমিক ৮ শতাংশ। চীনের ব্লু চিপস সূচক সিএসআই৩০০ কমেছে দশমিক ৬ শতাংশ। অন্যদিকে জাপান বাদ দিয়ে সংকলিত এশিয়া-প্যাসিফিক শেয়ারের বিস্তৃত সূচক এমএসসিআই সংকুচিত হয়েছে দশমিক ৭ শতাংশ। ওয়াল স্ট্রিটের প্রধান দুই সূচক এসঅ্যান্ডপি ৫০০ ও ন্যাসডাক ফিউচার উভয়ই দশমিক ৩ শতাংশ পতন দেখেছে। গতকাল সূচক দুটি গতকাল ঊর্ধ্বমুখী ধারায় ছিল।

ইউরোপে খানিকটা মিশ্র চিত্র দেখা যাচ্ছে। ইউরোস্টক্স ৫০ ও ডিএএক্স ফিউচার কমেছে যথাক্রমে দশমিক ১ ও দশমিক ৫ শতাংশ। অন্যদিকে এফটিএসই ফিউচার বেড়েছে দশমিক ৪ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..