ইউনিভার্সাল মিউজিক কিনতে ৫৫ বিলিয়ন ইউরোর প্রস্তাব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৮:২৬:০৭ |
বিশ্বের বৃহত্তম সংগীত প্রকাশনা সংস্থা ইউনিভার্সাল মিউজিক গ্রুপ (ইউএমজি)। সংস্থাটি কেনার জন্য ৫৫ বিলিয়ন ইউরোর (প্রায় ৬ হাজার ৪০০ কোটি ডলার) বিশাল প্রস্তাব দিয়েছে বিলিয়নেয়ার বিল অ্যাকম্যানের হেজ ফান্ড ‘পারশিং স্কয়ার’। টেইলর সুইফট, ড্রেক ও বিলি আইলিশের মতো বিশ্বখ্যাত তারকাদের গানের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানটির মালিকানা বদল নিয়ে বিশ্ব সংগীতাঙ্গন ও শেয়ারবাজারে চলছে ব্যাপক তোলপাড়। খবর দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার প্রস্তাবটি জনসমক্ষে আসার পর আমস্টারডাম শেয়ারবাজারে ইউনিভার্সাল মিউজিকের শেয়ারের মূল্য মুহূর্তেই প্রায় ১৩ শতাংশ বেড়ে যায়। পারশিং স্কয়ারের প্রস্তাব অনুযায়ী, প্রতি শেয়ারের জন্য ৩০ দশমিক ৪০ ইউরো মূল্য ধরা হয়েছে, যা প্রতিষ্ঠানটির সর্বশেষ বাজারমূল্যের চেয়ে প্রায় ৭৮ শতাংশ বেশি। পাশাপাশি শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে ৫ দশমিক শূন্য ৫ ইউরো নগদ এবং নতুন গঠিত কোম্পানির দশমিক ৭৭টি শেয়ার পাবেন।

এছাড়া বর্তমানে আমস্টারডাম এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকলেও নতুন চুক্তির মাধ্যমে কোম্পানিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিল অ্যাকম্যানের বিশেষ বিনিয়োগমাধ্যম ‘স্পার্কের’ সঙ্গে মার্জারের মাধ্যমে এ অধিগ্রহণ সম্পন্ন করার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পারশিং স্কয়ার ২০২১ সাল থেকেই ইউনিভার্সাল মিউজিকের ১০ শতাংশ শেয়ারের মালিক। বিল অ্যাকম্যানের মতে, গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর প্রায় ২৬ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে, যা কোনোভাবেই এর প্রকৃত সক্ষমতাকে প্রতিফলিত করে না।

বিশ্লেষকরা বলছেন, ইউনিভার্সাল মিউজিক গ্রুপ হলো বিশ্বের তিনটি বড় রেকর্ড লেবেলের একটি, যার অধীনে অ্যাডেল, আরিয়ানা গ্র্যান্ডে ও এলটন জনের মতো তারকাদের গানের বিশাল ভাণ্ডার রয়েছে। অধিগ্রহণ সফল হলে বিশ্ব মিউজিক ইন্ডাস্ট্রির ব্যবসায়িক কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে ইউনিভার্সাল মিউজিকের বৃহত্তম শেয়ারহোল্ডার ফরাসি ধনকুবের ভিনসেন্ট বোলোরের মালিকানাধীন বোলোরে গ্রুপ ও ভিভেন্ডি। তবে এ বিশাল প্রস্তাবের বিষয়ে ইউনিভার্সাল মিউজিক বা ভিভেন্ডির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..