আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘যারা বলছেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না, আমরা তাদের বলেছি, জুলাই সনদের প্রতিটি অধ্যায় ভালো করে পড়ে দেখে বুঝে বাস্তবায়ন করব।’
তিনি আরো বলেন, ‘আমরা বায়ান্নকে ধারণ করি, একাত্তরের মুক্তিযুদ্ধ ধারণ করি, নব্বইয়ের গণ-অভ্যুত্থান ধারণ করি। ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যেসব সহকর্মী জীবন দিয়েছেন তাদের যেমন ধারণ করি, তেমনি জুলাই সনদের প্রতিটি অধ্যায় আমরা ধারণ করি।’
সোমবার (১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী তিনি বলেন, ‘যদি দলের কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকেন তাহলে প্রশাসন আইনি ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না। এ দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক ও আইনের সুশাসন দেওয়ার দায়িত্ব সরকারের। সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বিএনপি করেছেন বা আমাদের ভোট দিয়েছেন তাই বলে আপনাকে চাঁদাবাজি ও দুর্নীতির করার লাইসেন্স আমরা দিইনি।’
ইতোমধ্যে প্রায় দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন হচ্ছে। আগামী পহেলা বৈশাখে কৃষি কার্ড আলোর মুখ দেখবে।’
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..