ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছে আঙ্কারা। সোমবার পূর্ব ভূমধ্যসাগরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ওই ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর গাজিয়ানটেপে পড়েছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
তুরস্কের ভূখণ্ডের ওপর আসা যেকোনও ধরনের হুমকির বিরুদ্ধে ‘‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’’ গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘‘তুরস্ক সুপ্রতিবেশিসুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে আমরা আবারও জোর দিয়ে বলছি, আমাদের দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধেয়ে আসা যেকোনও হুমকির বিরুদ্ধে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং কোনও দ্বিধা ছাড়াই প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’’
‘‘আমরা পুনরায় বলছি, এ বিষয়ে তুরস্কের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া সবার জন্যই মঙ্গলজনক হবে।’’
• নাগরিকদের তুরস্ক ছাড়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের
এদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে নিজ নাগরিকদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির আদানায় অবস্থিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটির কাছাকাছি মার্কিন কনস্যুলেট থেকে সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস বলেছে, ‘‘নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর আদানার কনস্যুলেট জেনারেল থেকে জরুরি প্রয়োজন নেই; এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।’’
একই সঙ্গে ভ্রমণ সতর্কতা জারি করে বলা হয়েছে, ‘‘তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই এলাকাটি ত্যাগ করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে।’’
এর আগে, গত বুধবার ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ধ্বংস করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা।
সূত্র: এএফপি।
এ জাতীয় আরো খবর..