ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। প্রায় ৯০ শতাংশ শেয়ার দর হারিয়েছে। এতে মূল্য সূচকে বড় পতন হয়েছে।
তবে দিনের লেনদেনের শুরুতে পতন যতটা গভীর হয়েছিল, ক্রমে তা কমে আসছে।
আজ রোববার সকাল ১০টায় দিনের লেনদেন শুরুর প্রথম মুহূর্তেই প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ১৭০ পয়েন্ট হারিয়ে ৫৪৩০ পয়েন্টে নেমে দিনের যাত্রা শুরু করে। এ সময় সুযোগ পতনের হার ছিল ৩ দশমিক ০৩ শতাংশ।
এর এক মিনিট পর পতন আরও গভীর হয়। আরও ৫৩ পয়েন্ট হারিয়ে অর্থাৎ গত বৃহস্পতিবারের তুলনায় মোট ২২৩ পয়েন্ট হারিয়ে ৫৩৭৬ পয়েন্ট পর্যন্ত নেমেছিল। এ সময় সূচক পতনের হার ছিল ৩ দশমিক ৯৯ শতাংশ। এটাই ছিল আজকের সূচকের সবচেয়ে পতন।
একই চিত্র দেখা গেছে- দেশের দ্বিতীয় শেয়ারবাজার সিএসইর লেনদেনে।
তবে দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময় দর পতনের পরিমাণ অনেকটাই কমে এসেছিল।
ডিএসইএক্স সূচকটি ১১২ পয়েন্ট হারিয়ে ৫৪৮৭ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৮ কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং বন্ডের মধ্যে ৩৪৩টিকে দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে, যা মোটের ৮৮ শতাংশ। এ সময় মাত্র ২৮ শেয়ার দর বেড়ে কেনাবেচা হতে দেখা যায়।
দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে ৫০৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। বেলা ১১টা পর্যন্ত এ বাজারে ৩৪৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।
গত বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ২৮১ কোটি টাকার এবং পরের ঘণ্টায় ১৭৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।
বিভিন্ন ব্রোকারেজ হাউস কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ পরিস্তিতির কারণে বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক পড়ার ভয়ে ভীত বিনিয়োগকারীরা।
বিশেষত এ যুদ্ধ শুরুর ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতি বিষয়ক বিশ্লেষকরা। এতে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে খরচ বেড়ে মুনাফা কমার শঙ্কা আছে।
এ কারণে শেয়ারবাজারে দর পতন হয়েছে- বলে মনে করেন ব্রোকারেজ হাউস কর্মকর্তারা।
প্রসঙ্গত, শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে সামরিক হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি শহিদ হয়েছে বলে ইরানের সরকারি বার্তা সংস্থা নিশ্চিত করেছেন। দেশটির কয়েকটি স্থানে হামলায় অন্তত ২০০ লোক মারা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, জবাবে ইরানও কাতার, কুয়েত, আবুধাবিসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলেও হামলা করেছে দেশটি।
পাশাপাশি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে বলেও খবর আসছে। এই রুট দিয়ে সৌদি আরব, ইরাক, ইরান, কাতারসহ মধ্য প্রাচ্যের জ্বালানি তেল এশিয়ার বিভিন্ন দেশসহ বিশ্বে রপ্তানি হয়, যা মোট বৈশ্বিক রপ্তানির ২৭ শতাংশ।
এ জাতীয় আরো খবর..